বাংলাফ্লো প্রতিবেদক ঢাকা: তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতা নিরসন ও নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা আন্দোলনরত সাধারণ শ্রমিকদের রাজপথ ছেড়ে অবিলম্বে কর্মস্থলে ফিরে যাওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে আয়োজিত এক যৌথ বিবৃতিতে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা বলেন, সরকার ইতোমধ্যে সিনিয়র জেলা জজের নেতৃত্বে ছয় সদস্যের নিরপেক্ষ মজুরি বোর্ড গঠন করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে সম্মানজনক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত আসবে। এমতাবস্থায় সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়।
শ্রমিক নেতারা স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে সবার আগে কর্মহীন হয়ে চরম ক্ষতির মুখে পড়বেন খেটে খাওয়া সাধারণ শ্রমিকরাই। একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের ন্যায্য আবেগকে পুঁজি করে শিল্প ধ্বংসের চক্রান্ত চালাচ্ছে।
তারা শ্রমিকদের কোনো ধরনের উসকানি বা গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে সরকার ও মালিকপক্ষকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে অতি দ্রুত মজুরি বৃদ্ধির সুস্পষ্ট ঘোষণা দেওয়ার তাগিদ দেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












