বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ সহায়তা নিতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ঋণের জন্য শর্ত থাকবে এবং তা পূরণও করতে হবে, তবে কিছু বিষয়ে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাত সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশেরও সম্মতি রয়েছে এবং ইতোমধ্যে অনেকগুলো শর্ত পূরণ হয়েছে। এ ছাড়া বাজেট-পরবর্তী অগ্রগতি এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীদের সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ অব্যাহত থাকবে বলে জানান অর্থমন্ত্রী।
বাংলাফ্লো/এম এইচ এইচ












