বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের ক্রান্তিকালে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কারণেই ক্ষোভ থেকে ড. ইউনূসের বিরুদ্ধে বিদেশে এই অপতৎপরতা চালানো হয়েছে। ড. ইউনূসের সাবেক সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে, কিন্তু বিমানবন্দরে তাঁর মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে হেনস্তার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের প্রাপ্য ভিভিআইপি নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে।
ঘটনাটিকে আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। ইতিপূর্বে অভিনেত্রী ও অন্যান্য ব্যক্তিবর্গের হেনস্তার ঘটনায় যেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, ড. ইউনূসের ক্ষেত্রেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









