বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের দক্ষিণী চলচ্চিত্রের বক্স অফিসে মেগাস্টারদের সরাসরি সংঘাত এড়াতে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ধানুশ। কিংবদন্তি মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘জেলার ২’ এবং আগামী ৬ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা তামিল তারকা সূরিয়ার ‘সিন’-এর মুখোমুখি বাণিজ্যিক লড়াই এড়াতে পিছিয়ে দেওয়া হয়েছে ধানুশের আসন্ন দুই পর্বের ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘ওম’-এর প্রথম কিস্তির মুক্তি। অভিনেতা ও প্রযোজকের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
প্রথমে চলতি অক্টোবর মাসেই ধানুশের ‘ওম’ প্রেক্ষাগৃহে নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত ছিল। তবে একই সময়ে একাধিক বিগ বাজেটের সিনেমা প্রেক্ষাগৃহে আসার কারণে শো প্রাপ্তি এবং ব্যবসা ভাগ হয়ে যাওয়ার বাস্তব শঙ্কা তৈরি হয়। ফলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ঝুঁকি না নিয়ে ছবিটির মুক্তির সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধানুশ জানিয়েছেন, সুস্থ বাণিজ্যিক প্রতিযোগিতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুতই নতুন সুবিধাজনক মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
এদিকে ‘ওম’ পিছিয়ে গেলেও ধানুশের হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্টের কাজ। নির্মাতা তামিঝারাসন পাচামুথুর সঙ্গে একটি বড় ক্যানভাসের অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ডি৫৬’-এ যুক্ত হয়েছেন তিনি, যা ২০২৭ সালের গ্রীষ্মে মুক্তির কথা রয়েছে। এছাড়া পরিচালক ভেত্রিমারানের ‘থামিঝ মুরুগান’ সিনেমার ঘোষণাও দিয়েছেন ধানুশ। অন্যদিকে ভারতের আরেক বরেণ্য মালয়ালম অভিনেতা মামুট্টিও যুক্ত হচ্ছেন প্রখ্যাত নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’ সিনেমায়, যা দীর্ঘ ৩২ বছর পর এই দুই গুণীর ঐতিহাসিক পুনর্মিলন ঘটাচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












