বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলা টেলিভিশন নাটকের প্রখ্যাত চিত্রনাট্যকার তানিন রহমানের স্মরণে এক শোক সভার আয়োজন করেছে টেলিভিশন নাট্যকার সংঘ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর নিকেতনে নাট্যকার সংঘের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
নাট্যকার সংঘের নতুন কমিটির সভাপতি নির্মাতা শিহাব শাহীনের সভাপতিত্বে এবং আফরিন জেসিকার সঞ্চালনায় স্মরণ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর তানিন রহমানের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন নাট্যকার মাসুম শাহরিয়ার। পরে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নীরবতা পালন শেষে সভায় তানিন রহমানের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শিত হয়, যা নির্মাণ করেন নাট্যকার আহমেদ তাওকির। পর্দায় দীর্ঘ এক দশকের সমৃদ্ধ পথচলার নানা দিক দেখে উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে টেলিভিশন নাট্যকার সংঘের পক্ষ থেকে তানিন রহমানের পরিবারের সদস্যদের হাতে একটি শোক স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
স্মরণ সভাটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নাট্যকার সংঘের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল, নাট্যপরিচালক মাহমুদুর রহমান হিমি, মাকসুদুর রহমান বিশাল, বান্টি আহমেদ, হাসান রেজাউলসহ তানিন রহমানের অনেক সহকর্মী, ঘনিষ্ঠজন ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা। তারা গুণী এই শিল্পীর জীবন ও কর্ম নিয়ে শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধরে অসংখ্য দর্শকনন্দিত নাটক লেখার মাধ্যমে শোবিজ ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তানিন রহমান (১৯৮৭-২০২৬)। গত ১৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ









