বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শ্রীমঙ্গলে একটি নাটকের কাজ শেষে প্রাইভেট কারে করে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শনিবার (২৯ আগস্ট) গভীর রাতে ফেসবুক লাইভে এসে তিনি নিজেই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে তিশাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই তিশার গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পিকআপটিকে আটকাতে সক্ষম হন। তবে পিকআপের চালক গাড়িটি রাস্তায় ফেলে চাবি নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ফেসবুক লাইভে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তাসনুভা তিশা বলেন, পিকআপের ধাক্কাটি বেশ ভয়ানক ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি, তার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












