বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দেশে দীর্ঘ ১৬ বছরের পথচলার পর নতুন পরিচয়ে সামনে আসছে মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। এখন থেকে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করতে যাচ্ছে তারুণ্যনির্ভর এই ব্র্যান্ডটি। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন এই ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।
গ্রাহকদের সেবায় কোনো পরিবর্তন আসছে কি? রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন। তাদের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল ও সচল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের আলাদাভাবে কোনো কিছুর মধ্য দিয়ে যেতে হবে না।
‘আসল সংযোগ, সবসময় সচল’ নতুন ব্র্যান্ড ‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে— ‘আসল সংযোগ, সবসময় সচল।’ মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
এ বিষয়ে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে এখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই মূল বিষয় নয়; বরং বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।”
তরুণদের জন্য নতুন ডিজিটাল অভিজ্ঞতা এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই ‘সার্কেল’কে সাজানো হয়েছে। নতুন ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে রবি। এর লক্ষ্য আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়া। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং তরুণদের প্রতিদিনের বিভিন্ন ডিজিটাল কর্মকাণ্ডে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেবে ‘সার্কেল’।
বাংলাফ্লো/এম এইচ এইচ












