বিনোদন ডেস্ক
ঢাকা: মার্ভেলের ইতিহাস সৃষ্টিকারী জনপ্রিয় সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ জ্যাকব ব্যাটালন তথা নেডের নানি চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হঠাৎ তার এই প্রয়াণে মার্ভেল অনুরাগী এবং চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড অভিনেত্রীর শোকসংবাদ এবং স্বজনদের বরাতে জানিয়েছে, গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পরিবারের এক সদস্য জানিয়েছেন, এই প্রবীণ অভিনেত্রী স্ট্রোক করেছিলেন। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় তার সংক্ষিপ্ত কিন্তু স্মরণীয় ভূমিকাটি নিয়ে মেরি অত্যন্ত গর্বিত ছিলেন বলেও জানান ওই স্বজন। সিনেমায় মেরি রিভেরার উপস্থিতি সংক্ষিপ্ত হলেও তা প্রেক্ষাগৃহে দর্শকদের দারুণ হাসির খোরাক জুগিয়েছিল। চলচ্চিত্রে যখন অল্টারনেট ইউনিভার্স থেকে আসা অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যানের সঙ্গে নেড ও এমজের (জেনডায়া) এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়, ঠিক তখনই ঘরে প্রবেশ করেন মেরি। সেই হালকা পরিবেশে তিনি নেডের মাধ্যমে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যানকে ছাদের কোণ থেকে মাকড়সার জাল পরিষ্কার করার নির্দেশ দেন।
এই দৃশ্যটিতে অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, জেনডায়া ও জ্যাকব ব্যাটালনের মতো বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে মেরি দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক বার্তা পাঠাচ্ছেন বিশ্বজুড়ে থাকা স্পাইডার-ম্যান ভক্তরা। উল্লেখ্য, মেরি এগিদা রিভেরা ১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি একজন অবসরপ্রাপ্ত মিশনারি ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন পুতি-পুতিনি রেখে গেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












