বিনোদন ডেস্ক
ঢাকা: তারকাদের ব্যক্তিগত জীবনের অজানা খবর জানতে সাধারণ মানুষের আগ্রহের কোনো কমতি নেই। আর সেই তারকা যদি হন বলিউড সুপারস্টার সালমান খান, তবে তো কথাই নেই! ভাইজান সম্পর্কে যেকোনো তথ্য পেতেই মুখিয়ে থাকেন তার অগণিত ভক্তরা।
সম্প্রতি ‘অ্যামাজন প্রাইম ভিডিও’-এর জনপ্রিয় শো ‘অ্যালাইন্স’-এর লেটেস্ট প্রোমো প্রকাশ্যে আসতেই ভাইজান ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। এই শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সালমান খান। মূলত প্রতিযোগীদের উদ্বুদ্ধ করতে এবং ভাই সোহেল খানকে অনুপ্রাণিত করতেই শোয়ে আসছেন তিনি। প্রোমোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের অনেক গোপন ও ভয়ংকর অভিজ্ঞতার কথা ফাঁস করবেন ভাইজান।
কী সেই ঘটনা? ‘অ্যালাইন্স’-এর প্রোমো অনুযায়ী, জেলজীবনের সেই অন্ধকারাচ্ছন্ন দিনের ভয়াবহ স্মৃতিচারণ করতে দেখা যাবে সালমানকে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যখন তিনি কারাগারে গিয়েছিলেন, সেই সময়ের দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।
সালমান খান বলেন, “অনেক বছর আগে যখন আমি জেলে গিয়েছিলাম, তখন আমাদের সামনে শুধুই লোহার শিক ছিল। খুব ছোট একটি জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জনকে থাকতে দেওয়া হয়েছিল। এতগুলো মানুষের ব্যবহারের জন্য ছিল মাত্র একটি টয়লেট। সেখানে ছিল পিঁপড়া, তেলাপোকা আর টিকটিকির উপদ্রব। তার থেকেও খারাপ পরিস্থিতি হতো তখন, যখন টয়লেট ভরে গিয়ে ময়লা ভেসে থাকত।”
বাংলাফ্লো/এম এইচ এইচ









