বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রায়ের এই তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক রায়ের দিন ধার্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম আজাদ জানান, মামলার যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে সব তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড, যা প্রসিকিউশন প্রত্যাশা করছে। মামলার বিবরণী থেকে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণী দাখিলের নোটিশ জারি করেছিল দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে তিনি নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
নির্ধারিত সময়ে বিবরণী জমা না দেওয়ায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক এবং ৬ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সবারই সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। উল্লেখ্য, গত ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর












