বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড থেকে হলিউডে পাড়ি জমানো ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি বলিউডের রাজনীতি ও স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন। নিজের দক্ষতায় বলিউডে শক্ত অবস্থান তৈরি করলেও, ক্যারিয়ারের নানা পর্যায়ে তাকে ষড়যন্ত্র ও বাধার মুখে পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ইন্ডাস্ট্রিতে আসার পর শুরুর দিকে স্বজনপোষণের বিষয়টি বুঝতে না পারলেও, পরে তিনি আসল রাজনীতিটা বুঝতে শেখেন।
২২ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখা এই তারকা জানান, সে সময় একের পর এক প্রত্যাখ্যান সইতে সইতে একসময় পেশা বদলের কথাও ভেবেছিলেন তিনি। সাক্ষাৎকারে তিনি একটি তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। ‘সালাম-এ-ইশক’ সিনেমার শুটিংয়ের সময় তিনি অন্য একটি হিন্দি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু চুক্তি সই করার পরও শুধুমাত্র একজন সহ-অভিনেতার আপত্তির কারণে তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।
বাংলাফ্লো/এম এইচ এইচ






