স্পোর্টস ডেস্ক
ঢাকা: উসাইন বোল্টের ২০০ মিটারের ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড অক্ষত থাকলেও অনূর্ধ্ব-২০ বছর বয়সে বোল্টের টাইমিংকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন এক অস্ট্রেলিয়ান স্প্রিন্টার। দক্ষিণ সুদান বংশোদ্ভূত গাউট গাউট নামের এই অ্যাথলেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। গাউটের এই বয়সে বোল্টের সেরা টাইমিং ছিল ১৯.৯৩ সেকেন্ড।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের করা এই ১৯.৬৭ সেকেন্ড এখন অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড এবং অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের মধ্যে বিশ্বের দ্বিতীয় সেরা টাইমিং। এই বিভাগে ১৯.৪৯ সেকেন্ড নিয়ে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটন (২০২২)। এর আগে গত বছর বাতাসের অনুকূলে ১৯.৮৪ সেকেন্ড সময় নিয়েছিলেন গাউট। তবে এবার কোনো সহায়তা ছাড়াই বৈধ দৌড়ে রেকর্ড গড়ার পর গাউট জানান, এই গতি ও শারীরিক সক্ষমতা তাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।
এমন অভাবনীয় সাফল্যের পর গাউটের কোচ ডি শেফার্ডও বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, তিনি ২০ সেকেন্ডের নিচে আশা করলেও এতটা কম সময় আশা করেননি। উল্লেখ্য, ইতিহাস গড়া এই দৌড়ে ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন অ্যাইডেন মারফি, যা অস্ট্রেলিয়ার ২০০ মিটার দৌড়ের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।
বাংলাফ্লো/এফআইআর






