বিনোদন ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার ফ্রেমবন্দি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও আলোচিত রাজনীতিক ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের দুজনের একসঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে দুজনকে বেশ খোশ মেজাজে আড্ডা দিতে দেখা গেছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে ভাবনা লিখেছেন, “আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন্যকিছু… দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।” সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তাঁর এই ক্যাপশন ঘিরেই মূলত আসন্ন ঈদে তাঁদের দুজনের একসঙ্গে কোনো প্রজেক্টে আসার গুঞ্জন ছড়িয়েছে।
ভাবনার এই পোস্টে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। একজন মজা করে লিখেছেন, “অভিনয়টাই কর বইন, অন্য কিচ্ছু করার কাম নাই।” আবার অনেকেই তাঁদের দুজনের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, “সবার জন্য ভালোবাসা রইলো।”
‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা ভাবনা এরই মধ্যে নিজের দক্ষতা দিয়ে দর্শকদের অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এছাড়া ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দাতেও অভিষেক হয়েছে তাঁর। এবার ঈদে রুমিন ফারহানার সঙ্গে তাঁর এই সম্ভাব্য যুগলবন্দি ভক্তদের জন্য নতুন কোনো চমক নিয়ে আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ




