বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও উদ্বেগজনক পোস্ট দিয়ে তিন মাস বয়সী এক শিশুকে তার মাদকাসক্ত মায়ের কাছ থেকে উদ্ধারের আকুতি জানিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিশুটির চরম নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ওই মাকে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পরীমণি তাঁর পোস্টে জানান, তিন মাসের ওই অবুঝ শিশুটির মা ইয়াবায় চরমভাবে আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এমন একটি অস্থিতিশীল পরিবেশে শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন তিনি।
শিশুটির মা পরীমণিকে সব যোগাযোগের মাধ্যম থেকে ব্লক করে রাখলেও, এই উন্মুক্ত স্ট্যাটাসের মাধ্যমে তাঁকে একটি শেষ সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন নায়িকা। পরীমণি আশা প্রকাশ করেন যে ওই মা বিষয়টি বুঝতে পারবেন। তবে পরিস্থিতি না বদলালে তিনি কঠোর আইনি সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
সাধারণ নেটিজেনরা পরীমণির এই মানবিক ও সাহসী উদ্যোগকে ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছেন। এক ভক্ত শিশুটিকে দ্রুত নিরাপদ করার অনুরোধ জানালে মন্তব্যের জবাবে পরীমণি জানান, তিনি নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। মা হিসেবে পরীমণির এমন মমত্ববোধ সবার নজর কেড়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ



