বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এই বার্তা পৌঁছে দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে ইসহাক দার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সঙ্গে তার অতীতের সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং দ্রুতই তিনি ঢাকায় আসতে চান। এছাড়া নতুন সরকারের অধীনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করার পাশাপাশি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জোরালো অবস্থানের ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






