বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১৩৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। সেখানে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।
গত ৮ জানুয়ারি ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আদালত এই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন, যার প্রথম দিন ছিল আজ। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ‘কোজি অ্যাপারেলস লিমিটেড’ নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে ভুয়া এলসি ও অ্যাকোমডেশন বিল তৈরি করে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
মামলায় সালমান এফ রহমান ছাড়াও তার ভাই এ এস এফ রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান এবং বেক্সিমকোর একাধিক পরিচালককে আসামি করা হয়েছে। এছাড়া জনতা ব্যাংকের তৎকালীন সিইও আব্দুছ ছালাম, এমডি আব্দুল জব্বারসহ ব্যাংকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোজি অ্যাপারেলসের এমডি ও পরিচালকদেরও এই মামলার আসামি করা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






