বিনোদন ডেস্ক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা পোস্ট করে তিনি এই সমবেদনা জানান।
খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।” ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার ভক্ত ও অনুসারী কমেন্ট বক্সে শোক প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনা করেন।
কেবল শাকিব খান নন, বেগম খালেদা জিয়ার বিদায়ে শোক জানিয়েছেন বিনোদন জগতের আরও অনেক তারকা। অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, সিয়াম আহমেদ এবং নির্মাতাদের মধ্যে আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বাংলাফ্লো/এফআইআর






