আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: তুর্কমেনিস্তানে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নির্ধারিত সময়ের চেয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। কারণ, তখন পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মগ্ন ছিলেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) তুর্কমেনিস্তানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের একে অপরের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়। সূচি অনুযায়ী পুতিনের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক হওয়ার কথা ছিল। তবে এর ঠিক আগেই পুতিন বৈঠক করছিলেন এরদোয়ানের সঙ্গে। সেই বৈঠক নির্ধারিত সময় পার হয়ে দীর্ঘায়িত হতে থাকে।
সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া জানায়, পাশের কক্ষে অপেক্ষায় ছিলেন শেহবাজ শরীফ। ৪০ মিনিটের বেশি সময় পার হয়ে যাওয়ার পর তিনি কিছুটা বিরক্ত ও অধৈর্য হয়ে পড়েন। দীর্ঘ অপেক্ষার পর শেহবাজ শরীফ এরদোয়ান ও পুতিনের ওই রুদ্ধদ্বার বৈঠকের কক্ষে প্রবেশ করেন। তবে তাকে ভেতরে ডাকা হয়েছিল, নাকি তিনি নিজেই বিরক্ত হয়ে প্রবেশ করেছেন—সে বিষয়টি স্পষ্ট করেনি গণমাধ্যমটি।
মূলত তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষেই এই সম্মেলনের আয়োজন করা হয়। ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে তুর্কমেনিস্তানকে স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি দেয়। নিরপেক্ষ দেশ হিসেবে তুর্কমেনিস্তান কোনো সামরিক জোটে যোগ দেয় না, আত্মরক্ষা ছাড়া অন্য দেশের দ্বন্দ্বে জড়ায় না এবং নিজ ভূমিতে বিদেশি ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় না।
বাংলাফ্লো/এফআইআর






