বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী। তিনি বলেন, শেখ হাসিনার কারণেই দেশনেত্রী আজ অসুস্থতার সঙ্গে লড়ছেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই।” তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে দেশের স্বার্থে এবং মানুষের জানমাল রক্ষায় বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যদিও তখন অনেক অন্যায় আবদার করা হয়েছিল।
আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, “যারা হত্যাযজ্ঞ করে বাস-ট্রাক পুড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল (১৯৯৫-৯৬ সালে), তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে।” তিনি অভিযোগ করেন, জনগণের ওপর বিশ্বাস না রেখে শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন এবং তাঁর কারণেই বেগম জিয়া আজ গুরুতর অসুস্থ।
রিজভী অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, “জনগণের কষ্ট হয় এমন কাজ করবেন না। জনস্বার্থে কাজ করুন।”
বাংলাফ্লো/এফআইআর






