স্পোর্টস ডেস্ক
ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে মাঠে নামার আগেই ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৫টি ক্যাচ নিয়ে তিনি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রথম ফিল্ডার হিসেবে এই বিরল নজির স্থাপন করেছেন। তাঁর দুর্দান্ত ফিল্ডিং এবং রিশাদ-মুস্তাফিজের বোলিং তোপে মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।
তানজিদ তামিম এদিন গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল এবং বেন হোয়াইটের ক্যাচ তালুবন্দি করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে আউট ফিল্ডে ৫টি ক্যাচ নেওয়া তিনি তৃতীয় ক্রিকেটার। এর আগে কেবল মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক এই কীর্তি গড়তে পেরেছিলেন। তবে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তানজিদই প্রথম।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের ব্যাটে চড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল তারা। স্টার্লিং দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন। তবে পাওয়ার প্লের পরপরই দৃশ্যপট বদলে দেন বাংলাদেশি বোলাররা।
বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে পথ হারায় আইরিশরা। রিশাদ দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। তাঁর সঙ্গে যোগ দেন পেসার মুস্তাফিজুর রহমান। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানে থামে আয়ারল্যান্ড।
বাংলাফ্লো/এফআইআর






