বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ধর্মীয় অনুভূমিতে আঘাত ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতের ঢাকা মহানগরী শাখার নেতা ফজলুর রহমান, কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম ও মজিবুর রহমানসহ শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, এ দেশে বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা হলেও প্রশাসন দোষীদের আইনের আওতায় আনছে না। উল্টো প্রতিবাদকারীদের সমালোচনা করা হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ দেশের মানুষের দিন শুরু হয় আজানের ধ্বনিতে। মুসলমানের এই দেশে যদি আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে, তাহলে তাকে জীবিত রাখা যাবে না।” তাঁরা বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, এখানে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তি হলে তাঁরা চুপ থাকবেন না।
বাউল আবুল সরকারের শিক্ষার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে হেফাজত নেতারা বলেন, “একজন ফাইভ পাস করা ব্যক্তি কীভাবে কোরআনের তাফসীর করার ধৃষ্টতা দেখায়?” তাঁরা দাবি করেন, আবুল সরকারের বক্তব্যের পর কেউ মুসলমান থাকতে পারে না এবং ভবিষ্যতে কেউ যেন এমন ধৃষ্টতা না দেখায়, সেজন্য তাঁর কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বাংলাফ্লো/এফআইআর






