বিনোদন ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ভারতীয় পরিচালক এম এন রাজের ‘ভালোবাসার মরশুম’ সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব ও ভুল তথ্যের কড়া জবাব দিয়েছেন। এক অফিসিয়াল বিবৃতিতে তিশা দাবি করেছেন, এই প্রজেক্ট থেকে সরে আসা তাঁর ইচ্ছাকৃত নয় বরং পরিচালক ও প্রযোজনা সংস্থার ব্যর্থতার ফল। তিনি স্পষ্ট জানিয়েছেন, চুক্তির বাইরে গিয়ে টাকা ফেরতের যে চাপ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ অযৌক্তিক এবং প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হতে প্রস্তুত।
তিশা জানান, চুক্তিপত্র অনুযায়ী তাঁর বিদেশ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব— ভিসা, ফ্লাইট টিকেট এবং থাকা-খাওয়ার ব্যবস্থা— পরিচালক ও প্রযোজকের ওপর ন্যস্ত ছিল। কিন্তু পরিচালক ও প্রযোজনা সংস্থা তাঁর ভিসা করাতে ব্যর্থ হয়। তিশা নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেও ভিসা পাননি।
তিনি বলেন, “ভিসা সংক্রান্ত জটিলতা যেহেতু চুক্তিপত্র অনুযায়ী পরিচালকের দায়িত্বে ছিল, তাই এই ব্যর্থতার জন্য আইনত কোনো দায় আমার নয়। এটি সরাসরি পরিচালকের ব্যর্থতা।”
টানা দুই মাস অপেক্ষার পরও ভিসা না হওয়ায়, প্রযোজনা সংস্থা তিশার পরিবর্তে অন্য একজন অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করে। ফলে বাধ্য হয়েই তিশা এই প্রজেক্ট থেকে সরে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন।
তিশা অভিযোগ করেন, লাইন প্রডিউসার শরিফ এখন তাঁকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন।
তিশা বলেন, “আমার সাথে যে চুক্তিপত্র হয়েছে, সেখানে ডিরেক্টর ফল্টের কারণে কোনো প্রবলেম হলে আমাকে টাকা ফেরত দিতে হবে— এমন কোনো ক্লজ নেই।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আইন-আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য… তাহলে আমি অবশ্যই তা মেনে নিব।”
বাংলাফ্লো/এফআইআর






