তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এবারের নির্বাচন চ্যালেঞ্জিং: আমীর খসরু
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী নির্বাচনগুলো সুসংহত ও গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, এমন একটি সময়ে আমরা নির্বাচনের সম্মুখীন, যেখানে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি— যদিও এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত কোনো বিষয় নেই।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কমল মেডিএইড কর্তৃক আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তিনি মনে করেন, সরকারের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। পরের ধাপ হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তিনি বলেন, “আমরা চাই প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।”
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারের স্বাস্থ্য খাতে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ করতে হয়। “কিন্তু যদি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, তাহলে এই টাকা সাশ্রয় হবে এবং তারা অন্য খাতে তা ব্যয় করতে পারবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় কোনো ফার্মেসি নেই। …ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হলে যে মেডিকেল সেন্টার আছে, সেখানে যেকোনো অসুখের জন্য প্যারাসিটামল দেওয়া হয়।”
কমল মেডিএইডের প্রতিষ্ঠাতা শেখ তানভীর বারী হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেডিকেল সেন্টারের অবস্থা এখনো নাজুক। তিনি আহ্বান জানান, ডাকসু যেন রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে।
বাংলাফ্লো/এফআইআর






