কাতার বিশ্বকাপের মতোই ২০২৬ বিশ্বকাপ জয়ের আশা করছেন ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বচ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে চাইলেও মেসি এখনো নিশ্চিত করেননি বিশ্বকাপে খেলবেন কিনা। তবে শতভাগ ফিট থাকলেই তিনি কেবল বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৮ বর্ষী মেসি বলেছেন, ‘সত্যি বলতে বিশ্বকাপে অংশ নেয়া অসাধারন ব্যাপার। আমি সেখানে থাকতেও চাই। যদি আমি বিশ্বকাপে অংশ নেই অবশ্যই দলকে সাহায্য করার জন্য অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকব।’
‘আগামী বছর মিয়ামির হয়ে প্রাক মৌসুম শুরুর আগেই বুঝতে পারবো অগ্রগতি। নিজেকে শতভাগ ফিট ও প্রস্তুত রাখতে চাই। কারণ এটা বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই আমরা বিশ্বমঞ্চে যাবো। জাতীয় দলের হয়ে খেলতে পারা সবসময় স্বপ্নের। বিশেষ করে তা যদি হয় বিশ্বকাপের মঞ্চ। তাই আশা করছি ইশ্বর আমাকে সেই সুযোগটি দেবেন।’
সম্প্রতি মেসি মিয়ামির সঙ্গে নতুন করে তিন বছরের জন্য চুক্তি সেরেছেন। ক্যারিয়ারের এবেলায় এসেও লম্বা চুক্তির আত্মবিশ্বাস জুগিয়েছেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিবেচনা থেকে, যা তিনি আগেও বলেছিলেন।


