আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে চার উইকেটের জয় নিয়ে তিন টি-টুয়েন্টির সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। টাইগাররা ১৫১ রানতাড়ায় নেমে ওপেনিং জুটিতে ১০৯ তোলে। ছন্দপতন ঘটে এরপর, ১১৮ রানের মধ্যে হারিয়ে ফেলে ৬ উইকেট। ব্যাটারদের ছন্দপতন নিয়ে অধিনায়ক জাকের আলী বলেছেন, ‘দুঃশ্চিন্তা করিনি। ড্রেসিংরুমে আরামে ছিলাম, আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। সবার চেষ্টায় সন্তুষ্ট।’
শারজায় আফগানদের বিপক্ষে ওপেনিং ব্যাটার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন বোর্ডে তুলেছেন ৫১ ও ৫৪ রান করে। বাংলাদেশের দলীয় স্কোর যখন ১০৯ তখন ইমন ফেরেন সাঝঘরে। এরপরে একে একে আফগান বোলারদের শিকার হন সাইফ, তানজিদ, জাকের, শামীম ও তানজিম সাকিব।
১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভার পর্যন্ত ২৪ বলে ৯ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে বাংলাদেশের। নুরুল হাসান ও রিশাদ হোসেন সপ্তম উইকেটে ১৮ বলে ৩৫ রান তোলেন। তাতে লাল-সবুজরা ৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
অধিনায়ক জাকের বলছেন, ‘শুরুটা ভালো করেছিলাম। পরের ধসটা দুশ্চিন্তার ছিল। তারাও উইকেট নিতে মরিয়া ছিল। ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। হার ও জয় খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং দুই দিকেই কিছু জায়গায় উন্নতি প্রয়োজন।’
‘আমাদের বোলাররা এশিয়া কাপে ভালো করেছে, ভালো করে সবসময়। আমরা আজ শেষদিকে কিছু বেশি রান দিয়েছি। এজন্যই বলছি যে, উন্নতির জায়গা আছে।’
আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার একই ভেন্যুতে টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। শারজায় খেলা মাঠে গড়াবে রাত সাড়ে আটটায়।


