বিনোদন ডেস্ক
ঢাকা: আজ রোববার (১৫ মার্চ) হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৮তম অস্কারের জমকালো আসর বসতে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্বজুড়ে চলচ্চিত্র প্রেমীদের চোখ এখন আটকে আছে, যেখানে আজ রাতে (স্থানীয় সময় সন্ধ্যায়) ঘোষণা করা হবে বছরের সেরা সিনেমার নাম। এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের (Best Picture) ক্যাটাগরিতে মোট ১০টি সিনেমা মর্যাদাপূর্ণ এই সোনার ট্রফির জন্য লড়াই করছে।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এবারের অস্কারের দৌড়ে মূল লড়াইটা হবে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এবং পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলারের ‘সিনার্স’ সিনেমা দুটির মধ্যে। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে বাফটা ও ডিরেক্টরস গিল্ডের মতো বড় বড় পুরস্কার জিতে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে রক্তপিপাসু ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে নির্মিত ‘সিনার্স’ বক্স অফিসে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমালোচকদের মন জয় করেছে।
সেরা চলচ্চিত্রের দৌড়ে এই দুই হেভিওয়েটের পাশাপাশি রয়েছে ব্র্যাড পিট অভিনীত ফর্মুলা ওয়ান রেসিং নিয়ে নির্মিত বিগ বাজেটের সিনেমা ‘এফ ওয়ান: দ্য মুভি’, যা বিশ্বজুড়ে ৬৩০ মিলিয়ন ডলার আয় করেছে। এছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’, এমা স্টোন অভিনীত ইয়োর্গস লান্থিমোসের সায়েন্স-ফিকশন থ্রিলার ‘বুগোনিয়া’, গুইলারমো দেল তোরোর পিরিয়ড হরর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং টিমথি চালামে অভিনীত পিংপং চ্যাম্পিয়নের জীবনীনির্ভর ছবি ‘মার্টি সুপ্রিম’ মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক সিনেমা থেকে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ডেনিশ-নরওয়েজিয়ান ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং চমক হিসেবে নেটফ্লিক্সের ছোট বাজেটের ছবি ‘ট্রেন ড্রিমস’-ও রয়েছে সেরা হওয়ার লড়াইয়ে।
বাংলাফ্লো/এম এইচ এইচ





