আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বয়সের বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও ৭০ বছর বয়সী বৃদ্ধ হাকিম বাবরের প্রেমে পড়েছেন ২২ বছরের এক তরুণী। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায় অসম বয়সের এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় অনেক কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
এই বিয়ে নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করছেন, তাদের কড়া জবাব দিয়েছেন হাকিম বাবর ও তার স্ত্রী।
হাকিম বাবর বলেন, “বয়স শুধুমাত্র একটি নম্বরই হওয়া উচিত। মানুষের মনের দিক থেকে তরুণ হওয়া উচিত।”
তার সদ্য বিবাহিত স্ত্রী এর আগে বিবাহবিচ্ছিন্না (ডিভোর্সি) ছিলেন। বাবর জানান, একজন ডিভোর্সি নারীকে বিয়ে করা ধর্মের নির্দেশ ও নবীর সুন্নাহ। তিনি বৈধ পথে হেঁটেছেন ও অনৈতিক কিছু করেননি, তাই মানুষের এই নেতিবাচক মন্তব্যের কোনো যৌক্তিকতা দেখেন না তিনি।
যারা সমালোচনা করছেন তাদের দিকে আঙুল তুলে বাবর বলেন, “সমালোচকদের অনেকেরই মেয়ে বন্ধু বা বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। বিয়ে না করে তারা মেয়েদের সঙ্গে প্রেমের ভান ও প্রতারণা করে।”
স্বামীর সঙ্গে সুর মিলিয়ে ওই তরুণী জানান, সত্যিকারের ভালোবাসায় বয়স কোনো বাধা হতে পারে না। প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে বিয়েতে মোটেও দেরি করা উচিত নয়।
হাকিম বাবর জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তিনি তার তরুণী স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর তারা নেদারল্যান্ডসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






