বিনোদন ডেস্ক
ঢাকা: ‘আজ কি রাত’ গানে কোমর দুলিয়ে সময়টা নিজের করে নিয়েছেন দক্ষিণী ও বলিউড সুন্দরী তামান্না ভাটিয়া। গানটির তুমুল সাফল্যের পর রাতারাতি আকাশছোঁয়া হয়ে গেছে তার পারিশ্রমিক। সদ্য বিদায়ী বছরের শেষ রাতে গোয়ার সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নেচে তিনি পারিশ্রমিক নিয়েছেন ৬ কোটি রুপি! অর্থাৎ প্রতি মিনিটের জন্য তিনি গুনেছেন এক কোটি রুপি। চড়া দামের টিকিট কেটেও ভক্তরা তাকে একনজর দেখার লোভ সামলাতে পারেননি।
তামান্না মঞ্চে উঠতেই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো; তার শরীরী জাদুতে মজেছিলেন উপস্থিত সবাই। সেই জমকালো সন্ধ্যায় তামান্নার সঙ্গে মঞ্চ মাতিয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া এবং ডিজে চেতসের মতো তারকারাও। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তামান্নাই।
গত বছর ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের ধকল সামলালেও পেশাগত জীবনে তামান্না ছিলেন তুঙ্গে। ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ থেকে শুরু করে ‘গুফর’—একের পর এক আইটেম গানে পারফর্ম করে তিনি দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছেন। নতুন বছরেও তার এই দাপট অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






