আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ফিলিপাইনের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ‘ফিভোল্কস’ বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
ইউএসজিএস-এর তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের ৬৮ কিলোমিটার পূর্বদিকে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে, ফিভোল্কস জানিয়েছে উৎপত্তিস্থল ছিল ২৩ কিলোমিটার গভীরে। স্থানীয় সংস্থাটি ভূমিকম্প-পরবর্তী ‘আফটার শক’ বা কম্পন নিয়ে নাগরিকদের সতর্ক করেছে।
ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। হিনাতুয়ান শহরের পুলিশ প্রধান জোয়ে মোনোতো রয়টার্সকে জানান, “এটি খুব বেশি শক্তিশালী না হলেও মানুষ ভয় পেয়েছিল এবং গভীর রাতে ঘুম ভেঙে অনেকে রাস্তায় চলে আসে।” স্বস্তির খবর হলো, ইউএসজিএস এবং ফিভোল্কস উভয় সংস্থাই সুনামির কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে।
ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশটিতে বছরে কয়েকবার মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প হওয়া একটি নিয়মিত ঘটনা।
বাংলাফ্লো/এফআইআর






