বিনোদন ডেস্ক
ঢাকা: নব্বইয়ের দশকের রূপালি পর্দা কাঁপানো অভিনেত্রী জুহি চাওলা গত দুই বছর ধরে বড় পর্দায় নেই। অথচ অভিনয় থেকে দূরে থেকেও তিনি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোন নয়, সম্পদের পাহাড় গড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন জুহি। আর এই বিপুল সম্পদের নেপথ্যে রয়েছে তার ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ (কেকেআর)।
আইপিএলের শুরুর দিকে স্বামী জয় মেহতা এবং দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু শাহরুখ খানের সঙ্গে মিলে ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন জুহি। তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। কিন্তু এখন সেই কেকেআরের বাজারমূল্য ৯ হাজার কোটি রুপির বেশি। শাহরুখ ও জুহি ১০টিরও বেশি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন, কিন্তু তাদের এই ব্যবসায়িক জুটি সিনেমার চেয়েও বড় ব্লকবাস্টার হিট হয়েছে।
হুরুন রিচ লিস্ট অনুযায়ী, ২০২৪ সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর জুহির সম্পদের পরিমাণ রকেটের গতিতে বেড়েছে। গত বছর তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি রুপি। মাত্র এক বছরের ব্যবধানে তা ৩ হাজার ১৯০ কোটি রুপি বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে।
আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, বর্তমানে কেকেআরের একক মূল্য ১ হাজার ৯১৫ কোটি রুপি। এই বিশাল ব্যবসায়িক সাফল্যের জেরে ভারতের শীর্ষ ১০ ‘স্বনির্মিত নারী উদ্যোক্তা’র তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি চাওলা।
বাংলাফ্লো/এফআইআর






