বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানে ৩টি রিভলবার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মিরপুর-১১, ব্লক-সি এলাকায় অবস্থিত ছয়তলা বিশিষ্ট পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটে অভিযান চালায় পল্লবী থানা পুলিশ। মার্কেটটির তৃতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
অভিযানে পুলিশ যেসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে:
৩টি রিভলবার
৭৩ রাউন্ড তাজা কার্তুজ
১টি রিভলভারের কাভার
১টি চাপাতি
২টি ছোট ছুরি
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র নাশকতা বা বড় কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গোপনে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস কোথায় এবং কারা এগুলো সেখানে রেখে গেছে, তা শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে ডিএমপি।
বাংলাফ্লো/এফআইআর






