ভূমিকম্পের আগাম সতর্কতায় জনপ্রিয় ৩ অ্যাপ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা: শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর ভূমিকম্পের আগাম সতর্কবার্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও প্রাকৃতিক দুর্যোগের এই ক্ষেত্রে আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবে কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রযুক্তি–নির্ভর সিস্টেম ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে সক্ষম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম সহ আরও কয়েকটি অ্যাপ রয়েছে।
১. গুগল আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত সতর্ক করতে ২০২০ সালে গুগল এই সিস্টেমটি চালু করে। স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটার সেন্সর ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে গুগলের সার্ভারে পাঠায়। সিস্টেমটি ভূমিকম্পের উৎস, মাত্রা এবং নিরাপদে অবস্থান করার পরামর্শ দেয়।
অ্যান্ড্রয়েড ফোনে সতর্কবার্তা চালু করতে:
১. ফোনের Settings এ যান।
২. Safety and Emergency অপশনে প্রবেশ করুন।
৩. Earthquake Alerts নির্বাচন করে সক্রিয় করুন।
২. মাই আর্থকোয়েক অ্যালার্টস: বিশ্বজুড়ে এক কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে জনপ্রিয় এই অ্যাপটি। এটি একটি ভূমিকম্প মনিটরিং অ্যাপ, যেখানে তাৎক্ষণিক কম্পন, পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ডসহ বিভিন্ন তথ্য পাওয়া যায়।
৩. মাইশেক অ্যাপ (MyShake App): যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষকেরা এই অ্যাপটি তৈরি করেছেন। স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে অ্যাপটি রিয়েল-টাইম ভূমিকম্প শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করে। পাশাপাশি অ্যাপটি নাগরিকদের তথ্য সংগ্রহে অংশ নিতে দেয়, যা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগে। মাইশেক বর্তমানে প্রায় ১০ লাখ মানুষের ব্যবহৃত একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
বাংলাফ্লো/এফআইআর






