বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে তার জানাজার সুবিধার্থে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা জানান, ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত টানা তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার দিন সরকারি সাধারণ ছুটি থাকবে।
ভাষণে ড. ইউনূস বেগম খালেদা জিয়াকে ‘বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে মুক্তির প্রেরণা জুগিয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, দেশপ্রেমিক এই নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়।
শোকের এই আবেঘন মুহূর্তে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি জানাজাসহ সব আনুষ্ঠানিকতা পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানান।
বাংলাফ্লো/এফআইআর






