কক্সবাজারের টেকনাফে বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশে বন্দী রাখা শিশুসহ ২১ নারীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে, গত ১ অক্টোবর বুধবার রাত ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করে
সিয়াম-উল-হক আরও বলেন, অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে
তিনি আরও বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।


