মেট্রো রেলের ট্র্যাক লাইন থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর কাজিপাড়া থেকে শেওড়াপাড়া যাওয়ার মাঝামাঝি মেট্রো রেলের ট্র্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল ৯টার দিকে মেট্রো রেলের ট্র্যাক লাইনে এই দুটি ককটেল পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে নিয়ে যায়।
এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী নিশ্চিত করেছেন, ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরে ট্র্যাক লাইনে ককটেল দুটি পাওয়া গেছে। ট্র্যাক লাইনে মেনটেনেন্সের কাজ যারা করে, তারাই প্রথম ককটেল দুটি দেখতে পায়।
সোহেল চৌধুরী জানান, ট্র্যাক লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ না থাকায়, পুলিশ আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কার্যক্রম চলছে।
বাংলাফ্লো/এফআইআর






