গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিহত অপর দুজন হলেন অলিউল্লাহ ও চার বছরের শিশু তামিম।
আহতরা হলেন, সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫)। নিহত তামিম তাদের সন্তান । তারা সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া চার বছরের শিশু তামিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল বলেন,দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত তিনজনকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।


