রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড,প্রতি মাসে গড়ে ২০টি —ডিএমপি
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১০ মাসে শুধু রাজধানীতে প্রায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে (প্রতি মাসে গড়ে ২০টির মতো)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
এমন পরিস্থিতিতে, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় জড়িত তিনজনের মধ্যে একজনকে আটক করেছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি প্রবেশ করে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যাকাণ্ডটি সম্পন্ন করে দুর্বৃত্তরা।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের জানান, পুলিশ পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় অনুসন্ধান করছে। তিনি বলেন, “এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে।”
তিনি আরও জানান, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
বাংলাফ্লো/এফআইআর






