দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে ১৪৪ জনকে আটক করা হয়েছে। গত ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথ অভিযানে অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, জুলাই গণঅভ্যুত্থান মামলার আসামি এবং মাদকাসক্তসহ মোট ১৪৪ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি টিয়ার শেল, ২টি কার্তুজ, ৬টি হাতবোমা, ১৩টি ককটেল, ১৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, অবৈধ কারেন্ট জাল, নগদ অর্থ ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও, বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপনে সহায়তা ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রনেও সরাসরি সম্পৃক্ত রয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


