বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি মক ভোটিং (ভোট মহড়া) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
সিইসি বলেন, “ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ, জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি, তা আমরা বাস্তবায়ন করব।”
এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি অতিরিক্ত হিসেবে গণভোট অনুষ্ঠিত হবে, যা সময় ব্যবস্থাপনার জন্য একটি চ্যালেঞ্জ। সিইসি স্পষ্ট করেন যে, গণভোটে চারটি আলাদা বিষয় থাকলেও ভোটাধিকার প্রয়োগ হবে একটি ‘বান্ডেল প্রশ্ন’ বা গুচ্ছাকারে।
তিনি বলেন, “গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’-এর ভিত্তিতে। আইন অনুযায়ী, প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক সিদ্ধান্তেই নির্ধারিত হয়েছে।”
গণভোট ও নির্বাচন বিষয়ক জনসচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় এখন থেকে ব্যাপক প্রচারণার দায়িত্ব পালন করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
বাংলাফ্লো/এফআইআর






