চট্টগ্রামের সাগরিকা এলাকায় পন্যবোঝাই ট্রাক একটি চলন্ত ট্রেনে ধাক্কা দেয়। এতে একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ে। ট্রাকচাপায় শামসুল হাই (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার ভোরে চালবোঝাই একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে পড়লে ঢাকামুখী মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেনটি রওনা হয়। পথে সাগরিকা এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ রেলক্রসিংয়ে উঠে আসে। ট্রেনচালক হুঁশিয়ারি সংকেত দিলেও ট্রাকটি সরে যেতে পারেনি। এতে সরাসরি সংঘর্ষ হয় এবং ট্রেনের ইঞ্জিন উল্টে যায়।
সংঘর্ষের সময় ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ মিলে উদ্ধার অভিযান শুরু করে। ক্ষতিগ্রস্ত ট্রেন ও ট্রাক অপসারণ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


